শিশুকে ধর্ষণের পর হত্যা, উত্তাল মদনমোহন, আটক যুবক

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ জুলাই :
শ্রীভূমি জেলার মদনমোহন এলাকায় আট বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি চরগোলা-হাইলাকান্দি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল প্রায় ১০টা থেকে নিখোঁজ ছিল শিশুটি। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী একটি গভীর জঙ্গল থেকে তার রক্তাক্ত ও নিথর দেহ উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ, গ্রামের বাসিন্দা আব্দুস সুফানের ছেলে জাকির আলম তালুকদার (১৯) শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভের সঞ্চার হয়। স্থানীয়দের অভিযোগ, ঘটনার খবর মদনমোহন পুলিশ ফাঁড়িতে জানানো হলেও ঘটনাস্থল থেকে ৩০০ মিটার দূরে থাকা সত্ত্বেও পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছায়নি।

ক্ষুব্ধ জনতা চরগোলা হাইলাকান্দি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এবং অভিযুক্তকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানান উত্তেজিত জনতা । এর ফলে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন শ্রীভূমি সদর থানার ওসি তরঙ্গ পাটোয়ারী, হেড কোয়ার্টার ডিএসপি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক উত্তেজিত জনতাকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করে এবং এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত জাকির আলম তালুকদারকে সদর থানায় নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা সহ সচেতন মহল। পুলিশ তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *