বরাক তরঙ্গ, ৮ জুলাই : শ্রীভূমি জেলার বদরপুর ও কালীগঞ্জ পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বদরপুর থানার ভাঙ্গা স্টেশন রোড এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাইকসহ দুই সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করে পুলিশ।
ধৃতরা হল আনোয়ার হোসেন ও শাকিল উদ্দিন। তাঁদের বাড়ি শ্রীভূমি জেলার কনকলস গ্রামে। স্থানীয় সূত্রের দাবি, আনোয়ার হোসেন একজন অগপ নেতা। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলার পুলিশ সুপার লীনা দোলের নির্দেশে কালীগঞ্জ ওয়াচ পোস্টের ইনচার্জ মহিদুজ্জামান এবং মালুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুভম পালের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় AS-10-8883 নম্বরের একটি বাইক তল্লাশি করে ৩০টি সাবানের কেসে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। আটক দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহকারী এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।



