বরাক তরঙ্গ, ৮ আগস্ট : সমাজে নীরবে ও নিরলসভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা, অথচ প্রচারের আলো থেকে অনেকটাই দূরে থাকা গুণীজনদের সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে উধারবন্দ সাংবাদিক মঞ্চ। শনিবার উত্তরপাড়ায় অনুষ্ঠিত মঞ্চের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সভায় স্থানীয় সাংবাদিকতা, পেশাগত নানা চ্যালেঞ্জ এবং বর্তমান সময়ে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, পরিবর্তিত আর্থ-সামাজিক পরিস্থিতিতে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সাংবাদিকদের ঐক্যকে দুর্বল করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে কিছু অপশক্তি—এমন অভিযোগ তুলে এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বক্তাদের মতে, সাংবাদিকরা সমাজের ‘অতন্দ্র প্রহরী’ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিকতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার পাশাপাশি সবসময় সতর্ক থাকা প্রয়োজন। সভায় সাংবাদিক মঞ্চের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৃহত্তর উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথা উঠে আসে।
এদিন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি সামাজিক মাধ্যমের সংবাদকর্মীদেরও বৃহত্তর ঐক্যের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, সংবাদমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও ঐক্য গড়ে উঠলে পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতাও আরও কার্যকরভাবে পালন করা সম্ভব হবে। সভায় উপস্থিত ছিলেন উধারবন্দ সাংবাদিক মঞ্চের সভাপতি শিবাশিস চক্রবর্তী, সম্পাদক রাফিউল আলম রিন্টু, শিবাজী ধর, বিজিত দাস, হিতাংশু শীল, নঈম হোসেন বড়ভূইয়া, ইউসুফ আলি বড়ভূইয়া এবং স্নেহাংশু তালুকদার।



