৯ জুন : উত্তরপ্রদেশের কানপুরে এক অস্বাভাবিক বিয়েকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, জামাই ও শাশুড়ি দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। সেই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিতেই তাঁরা বাড়ি ছেড়ে গিয়ে বিয়ে করেছেন বলে জানা গেছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ওই যুগলকে গলায় মালা পরা অবস্থায় দেখা যায়। তাঁদের হাতে বিয়ের শংসাপত্রও ছিল। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ এটিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার অনেকে এমন সম্পর্কের সামাজিক ও পারিবারিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট পরিবারের কোনও সদস্য এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। এমনকি পুলিশের কাছেও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তা সত্ত্বেও ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, কানপুরের আকবরপুর এলাকার বাসিন্দা ওই যুগল দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন বলে স্থানীয়দের দাবি। তবে তাঁদের বিয়ের সময়, স্থান কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, ওই ব্যক্তি পূর্বে তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন। এরপর তিনি শাশুড়ির সঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।



