বেহাল NH-37-সহ জনস্বার্থের বিভিন্ন দাবিতে শিলচরে গণবিক্ষোভ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট :
বেহাল জাতীয় সড়ক NH-37-এর দ্রুত সংস্কার, উন্নত জলনিকাশি ব্যবস্থা এবং যানজট নিরসনসহ একাধিক জনস্বার্থের দাবিতে শিলচরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হল। ‘ইউনাইটেড সিটিজেন্স অফ শিলচর’-এর উদ্যোগে শনিবার রামনগর ISBT-এর সামনে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

শিলচরের নাগরিক সমস্যার দ্রুত সমাধান এবং উন্নত পরিকাঠামো গড়ে তোলার দাবিতে পথে নামেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। ১৫টি সক্রিয় সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ মঞ্চ ‘ইউনাইটেড সিটিজেন্স অফ শিলচর’-এর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরা হয়।

আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে NH-37-এর দ্রুত সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, উন্নত সড়ক পরিকাঠামো গড়ে তোলা, শহরের জলনিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং যানজট মোকাবিলায় কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা। পাশাপাশি, শিলচরের বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যার দ্রুত সমাধানেরও দাবি জানানো হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পরিকাঠামোগত সমস্যাগুলি নাগরিক দুর্ভোগ বাড়িয়ে চলেছে। বিশেষ করে বেহাল সড়ক, জমাজল এবং যানজটের কারণে সাধারণ মানুষকে প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে। ‘উন্নততর শিলচরের জন্য ঐক্যবদ্ধ’—এই বার্তা সামনে রেখে আন্দোলনকারীরা জানান, নাগরিক সমস্যাগুলির স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *