মেথামফেটামিনসহ মাদক উদ্ধার, মিজোরামে গ্রেফতার শ্রীভূমি দুই যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : মিজোরামের এক্সাইজ ও নারকোটিক্স দফতর বড়সড় সাফল্য অর্জন করেছে। বুধবার সকাল প্রায় ১১টা ৪০ মিনিট নাগাদ ফকল্যান্ড পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০.০২১ কেজি মেথামফেটামিন (প্রায় ১ লক্ষ ট্যাবলেট) উদ্ধার করা হয়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অসমের শ্রীভূমির দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল শ্রীভূমি জেলার ধলছড়া এলাকার জাকারিয়া হোসেন (২৮) এবং নাগরা এলাকার তাজ উদ্দিন (২৫)। মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মারুতি ওয়াগন আর (AS01 FG-7776) গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

একই দিন বিকেল প্রায় ৪টা ৩০ মিনিটে খাটলা এলাকায় মায়ান্মারের খাওমাওই এলাকার বাসিন্দা লালনুনজিরি (৩৮)-কে গ্রেফতার করা হয়, যিনি মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে অভিযোগ। পরে সন্ধ্যা ৭টা নাগাদ আইজলের আর্মড ভেং সাউথ এলাকার বাসিন্দা ভ্যানলালরিনত্লুয়াঙ্গা (২৭)-কেও আটক করা হয়, যিনি এই পাচারচক্রের পরিবহণে জড়িত ছিলেন বলে জানা গেছে।

অভিযানে ধৃতদের কাছ থেকে মোট ৫টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে, যা মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া মেথামফেটামিন আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইন, ১৯৮৫-এর ২১(সি) ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের আইজলের বিশেষ আদালতে পেশ করা হয়েছে।
আইন অনুযায়ী দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড এবং ১ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

উল্লেখ্য, আসন্ন ২১ এপ্রিল আইজল মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনের আগে এক্সাইজ ও নারকোটিক্স দফতর বিশেষ অভিযান চালাচ্ছে। চলতি বছরেই দফতরটি ইতিমধ্যে ৭.২৩৮ কেজি হেরোইন, ৪৯.৩৯২ কেজি মেথামফেটামিন, ৯০.৮৩৬ কেজি গাঁজা সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই সাফল্য মাদকবিরোধী অভিযানে দফতরের তৎপরতা ও কঠোর অবস্থানেরই প্রমাণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *