রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে ভক্তি ও উৎসবের আবহে মেতে উঠল শিলচর শহর। শনিবার ধর্মীয় রীতিনীতি ও পরম্পরা মেনে শহরের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হয় দেবী দুর্গার মহাসপ্তমীর পূজা। সকাল থেকেই প্রতিটি মণ্ডপে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।
ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি এবং পুরোহিতদের মন্ত্রোচ্চারণে উৎসবমুখর হয়ে ওঠে গোটা শহর। দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে ভক্তরা সংসারের সুখ-শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। পূজাকে কেন্দ্র করে সর্বত্র বিরাজ করে ধর্মীয় আবেগ ও উৎসবের আনন্দ।

মহাসপ্তমীর সকালে নবপত্রিকা স্নান ও স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় পূজার মূল পর্ব। দেবী দুর্গার আরাধনাকে ঘিরে ভোর থেকেই বিভিন্ন পূজামণ্ডপে ভিড় জমান আবালবৃদ্ধবনিতা। পরিবারের সদস্যদের সঙ্গে মণ্ডপে এসে পূজার্চনায় অংশ নেন বহু মানুষ। পাশাপাশি মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ উপভোগ করতে দেখা যায় শহরবাসীকে।
শারদোৎসবের এই পুণ্যলগ্নে ভক্তদের উপস্থিতিতে শিলচরের পূজামণ্ডপগুলি হয়ে ওঠে প্রাণবন্ত। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবকে ঘিরে মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এদিকে, পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পূজা কমিটিগুলির পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
পঞ্জিকা মতে সপ্তমী তিথি শুরু: ১৭ অক্টোবর (শনিবার) ভোর ৫:৫৫ মিনিট থেকে। তিথি শেষ: ১৮ অক্টোবর (রবিবার) সকাল ৮:২৯ মিনিট পর্যন্ত।



