চুরাইবাড়িতে দেড় কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার; আটক ২

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শ্রীভূমি জেলা পুলিশ। চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল প্রায় সাড়ে ছয়টা নাগাদ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরাইবাড়ি নাকা পয়েন্টে কড়া নজরদারি শুরু করা হয়। খবর ছিল, গুয়াহাটি থেকে শ্রীভূমি হয়ে ত্রিপুরার উদ্দেশ্যে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য পাচারের চেষ্টা হতে পারে।

অভিযান চলাকালীন AS-26-AC-1102 নম্বরের একটি সন্দেহজনক ছয় চাকার লরি আটক করা হয়। বাইরে থেকে তরমুজ বোঝাই পণ্যবাহী গাড়ি মনে হলেও তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। লরির ভেতরে লুকিয়ে রাখা ছিল ৯৫টি কার্টুন, যার মধ্যে মোট ১৪,২৫০ বোতল নিষিদ্ধ এস্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় লরির দুই চালককে আটক করা হয়েছে। ধৃতরা হলেন ত্রিপুরার সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকার মুসলেম মিয়া (৩৭) এবং আসামের বরপেটা জেলার নজরুল ইসলাম (২৩)। তাদের বিরুদ্ধে প্রযোজ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

শ্রীভূমি জেলার সিডি এসপি অনির্বাণ শর্মা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক নজরদারির ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। তিনি বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত জোরদার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস। তাঁর পরিকল্পনা ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় এই বড়সড় সাফল্য আসে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *