মণিপুরে জঙ্গি হামলায় আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত

Spread the news

বরাক তরঙ্গ, ৬ জুলাই : সোমবার বিকেলে মণিপুরের উখরুল জেলার নুংশাং কং (লুংশাং নদী)-এর কাছে সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত হামলায় ৪০ আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত হন। উখরুল জেলা সদর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় জওয়ানরা ৪০ অসম রাইফেলসের ছাংছাক ব্যাটালিয়নের সদর দপ্তরে ফিরে যাচ্ছিলেন।

নিহত দুই জওয়ানের পরিচয় পাওয়া গেছে ওয়ারেন্ট অফিসার বলবন্ত সিং এবং হাবিলদার সি এম সিং হিসেবে। জানা গেছে, হাবিলদার সি এম সিং গাড়িটি চালাচ্ছিলেন। হামলার সময় দুজনই জঙ্গিদের এমবুশে প্রাণ হারান। জঙ্গিদের গুলিবর্ষণের পর নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়। উভয় পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলে। এ সময় কাছাকাছি ধানক্ষেতে কাজ করা কৃষকেরা প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যান।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। এখনও পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, উখরুল এবং পার্শ্ববর্তী কামজং জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রচেষ্টা চলাকালীন এই হামলার ঘটনা ঘটেছে।

বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান আরও জোরদার করার পাশাপাশি পুরো জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *