শিলচরে নারী পাচার ও দেহব্যবসার অভিযোগে পলাতক দুই স্পা-মালিক গ্রেপ্তার

Spread the news

রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুলাই : শিলচরে নারী পাচার চক্র পরিচালনা ও দেহব্যবসার অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন রোহিত দেবনাথ এবং রূপালি দাস।

কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া জানান, শনিবার রাতে শিলচর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশের দাবি, ‘লোটাস স্পা’-র মালিক রোহিত দেবনাথ এবং ‘লাভলি স্পা’-র মালিক রূপালি দাস। অভিযানের পর থেকেই দু’জন আত্মগোপনে ছিলেন। অবশেষে শনিবার রাতের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুন শিলচর ক্লাব রোডের একটি বাণিজ্যিক ভবনে অবস্থিত ‘লাভলি স্পা’ এবং ‘লোটাস স্পা’-তে একযোগে অভিযান চালিয়ে ২৮ জন যুবতীকে আটক করে কাছাড় পুলিশ। দীর্ঘদিন ধরে ওই দুই স্পা সেন্টারে ম্যাসাজ পরিষেবার আড়ালে অসামাজিক কার্যকলাপ এবং দেহব্যবসা পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছিল। একাধিক অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে রাতে পুলিশ সেখানে হানা দেয়। অভিযানের সময় স্পা সেন্টার দু’টি থেকে ২৮ জন যুবতীকে আটক করা হয়। তবে দু’টি সেন্টারের মালিক পলাতক ছিল। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে দু’জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *