আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : সোনাই এলাকার উন্নয়নমূলক কাজে ব্যর্থ হয়ে বিধায়ক আমিনুল আবোলতাবোল বকছেন বলে অভিযোগ তুলেছে সোনাই মণ্ডল বিজেপি ও সোনাই পুরসভা। বুধবার পুরসভা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডিডিএমএ প্রকল্পের বরাদ্দ অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে বিধায়ক আমিনুলের মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়।
সোনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোক গোয়ালা বলেন, সোনাইয়ে শাসক দলের বিধায়ক না থাকলেও বিজেপির প্রচেষ্টায় উন্নয়নমূলক কাজে যথেষ্ট গতি এসেছে। চলমান উন্নয়নমূলক কাজে বিধায়ক আমিনুলের কোনও অবদান নেই বলেও দাবি করেন তিনি। অশোক গোয়ালার অভিযোগ, বিধায়ক হওয়ার আট মাস পরও আমিনুল সিকি আনার কাজ করতে ব্যর্থ হয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করছেন।
তিনি বলেন, ডিডিএমএ প্রকল্পের বরাদ্দ অর্থে শিক্ষাক্ষেত্রে অনেকটা পরিবর্তন আসছে। এতে বিধায়ক আমিনুলের গাত্রদাহ শুরু হয়েছে। সোনাই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলির সার্বিক উন্নয়ন ও মেরামতির জন্য সরকার প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে। সেই বরাদ্দের কাজে নিজের ইচ্ছামতো প্রভাব খাটাতে ব্যর্থ হয়েই আমিনুলের মতিভ্রম ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান সাহারুল শেখ বলেন, ঠিকাদারি কাজ এবং রাজনীতি এক বিষয় নয়। পেশাদার ঠিকাদার হলে রাজনীতি করা যায় না, এমন বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করা থেকে বিধায়ক আমিনুলকে বিরত থাকার সতর্কবার্তা দেন তিনি। সাহারুলের দাবি, সম্পূর্ণ নিয়মনীতি মেনেই ডিডিএমএ প্রকল্পের বরাদ্দ অর্থে কাজ চলছে।
তিনি জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ডিজাস্টার ম্যানেজমেন্টের সুপারিশে সোনাই এলাকার শিক্ষার উন্নয়নে ১০৫টি স্কুল এবং ৫৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র মেরামতির জন্য সরকার ১২ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করে। এছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র মেরামতির জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়। কাজের জন্য ২০২৫ সালের ২৯ নভেম্বর টেন্ডার আহ্বান করা হয় এবং ২০২৬ সালের জুলাই মাসে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়।
সাহারুল দাবি করেন, কাজের বরাত পাওয়া দু-একজন ঠিকাদার ছাড়া অধিকাংশ ঠিকাদার ইতিমধ্যে ৭০ শতাংশ কাজ সম্পন্ন করেছেন। একমাত্র কাজের বরাত পাওয়া ঠিকাদার রূপম সাহা এখনও কাজ শুরু করেননি। তাঁর অভিযোগ, অন্যান্য ঠিকাদারের কাছ থেকে আমিনুল ইতিমধ্যে কয়েক লক্ষ টাকা পার্সেন্টেজ আদায় করেছেন। কিন্তু রূপম সাহার কাছ থেকে পার্সেন্টেজ আদায় করা সম্ভব নয় বলেই আমিনুল উন্নয়নমূলক কাজে রাজনৈতিক রং লাগিয়ে বাধা সৃষ্টি করতে চাইছেন।

সাহারুল আরও বলেন, ডিডিএমএ প্রকল্পের বরাদ্দ অর্থের কাজে কোনও অনিয়ম থাকলে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই বিধায়কের কর্তব্য ছিল। তা না করে বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করলে তার পরিণতি ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিধায়ক হিসেবে আট মাস অতিক্রান্ত হলেও এই সময়ের মধ্যে সোনাই এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, তা জনসমক্ষে তুলে ধরার জন্য আমিনুলের প্রতি আহ্বান জানান সাহারুল।
জেলা পরিষদ সদস্য সুফিয়ান আহমদ লস্কর বলেন, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা একজন প্রতিষ্ঠিত ঠিকাদার। রাজনীতিতে আসার আগেও তিনি বিভিন্ন বিভাগে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ১০৫টি স্কুলের মধ্যে মাত্র ২২টি কাজের বরাত পেয়েছেন তিনি। বিজেপির জেলা সভাপতি পদের ক্ষমতা প্রয়োগ করলে ১০৫টি কাজের বরাতই পেতে পারতেন। কিন্তু মাত্র ২২টি কাজ তাঁর ভাগ্যে জুটেছে। এতেও আমিনুলের গাত্রদাহ হচ্ছে বলে কটাক্ষ করেন সুফিয়ান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুরসভার ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস, শিবাশিস রায়, খিজির আহমদ চৌধুরী, আজাদ হোসেন লস্কর, এসএম দিলওয়ার জাহান লস্কর, নূর আহমদ বড়ভূইয়া, নেবুল হোসেন লস্কর, আনছারুল হক লস্কর প্রমুখ।



