আছিমগঞ্জ তেমাথায় জাতীয় সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ জুলাই :
শ্রীভূমি জেলার আছিমগঞ্জ তেমাথায় ৮ নম্বর অসম-ত্রিপুরা জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই সেগুলো পানিতে ভরে ছোট পুকুরের রূপ নিচ্ছে। ফলে কোথায় রাস্তা আর কোথায় গর্ত, তা বোঝা কঠিন হয়ে পড়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে মোটরসাইকেল, অটোরিকশা, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, স্কুলগাড়ি ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনকে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে আছিমগঞ্জ তিমাথার এই অংশ কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গর্ত এড়াতে গিয়ে অনেক সময় যানবাহন বিপরীত লেনে চলে যেতে বাধ্য হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। ইতোমধ্যে একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এলাকার ব্যবসায়ীদের দাবি, ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ধুলো, কাদা ও জলাবদ্ধতার কারণে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি খারাপ রাস্তার কারণে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হওয়ায় অতিরিক্ত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন চালক ও মালিকরা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সড়কের বেহাল অবস্থার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ দেখা যায়নি। তাঁদের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত অংশের টেকসই সংস্কার, উন্নত জলনিকাশ ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক।

এদিকে, ভুক্তভোগীরা পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, বরাক ও পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *