ভাঙ্গা নন্দপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রীর

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : স্কুলে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাল ১৩ বছরের এক স্কুলছাত্রী। মঙ্গলবার সকালে শ্রীভূমি জেলার ভাঙ্গা নন্দপুর এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় গুরুতর আহত হয় নন্দপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী নাদিয়া খাতুন তাপাদার। পরে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল নাদিয়া। পথে রেললাইন অতিক্রম করার সময় বদরপুর থেকে শ্রীভূমি অভিমুখে চলাচলকারী একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সে গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় কিশোরীর।

মৃত নাদিয়া শ্রীভূমি জেলার রাজপাশা গ্রামের বাসিন্দা আব্দুল কালামের দ্বিতীয় কন্যা। মাত্র ১৩ বছর বয়সে মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবার। নাদিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভাঙা নন্দপুর ও রাজপাশা এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *