বরাক তরঙ্গ, ১১ আগস্ট : নলবাড়ির ২৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই প্রাক্তন আসু নেতার। দুর্ঘটনাটি জাজিয়াবাড়ি এলাকায় সংঘটিত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, ধেমাজি থেকে টিহুর দিকে আসা একটি গাড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং গুরুতর দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় টিহুর বাসিন্দা তথা প্রাক্তন আসু নেতা হর্ষ হালৈ ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হন। তাঁদের সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, চিকিৎসাধীন অবস্থায় ব্রজেন কাশ্যপ নামে আরও এক আরোহীর মৃত্যু হয়েছে। নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, ব্রজেন কাশ্যপও একজন প্রাক্তন আসু নেতা ছিলেন। টিহু মহকুমা দাবির আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। একই পথ দুর্ঘটনায় দুই প্রাক্তন আসু নেতার মৃত্যুতে টিহু এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



