শ্রীভূমির ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক পক্ষপাত, বরাক-ব্রহ্মপুত্র সমন্বয় কয়েক যোজন পিছিয়ে গেল : বিডিএফ

Spread the news

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : শ্রীভূমির সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ফের সরব হলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। একটি সাধারণ মারামারির ঘটনাকে জাতিগত বিদ্বেষের রূপ দেওয়ার চেষ্টা এবং পরবর্তীতে নির্দোষ নাগরিকদের উপর পুলিশি অতিসক্রিয়তা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। বিডিএফের দাবি, এই ঘটনায় বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে গড়ে ওঠা সম্প্রীতি ও সমন্বয়ের পরিবেশ বড় ধাক্কা খেয়েছে।

বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, গত কয়েক বছরে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছিল। বরাকের মানুষ বরাবরই শান্তিপ্রিয় এবং অসমিয়া সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। অসমিয়া সাংস্কৃতিক জগতের দুই জনপ্রিয় ব্যক্তিত্ব ভূপেন হাজরিকা ও জুবিন গর্গের প্রতি বরাকবাসীর ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, জুবিন গর্গের মৃত্যুর পর গোটা বরাক উপত্যকায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর গান পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন মানুষ।

তিনি আরও বলেন, বরাক উপত্যকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি বিবাহ অনুষ্ঠানেও বিহু নৃত্যের আয়োজন করা হয়। হিন্দুস্থান ক্লাবের বিসর্জন শোভাযাত্রায় বিহু শিল্পীদের আমন্ত্রণ জানানোও দুই উপত্যকার সাংস্কৃতিক মেলবন্ধনেরই প্রমাণ। কিন্তু সাম্প্রতিক ঘটনায় অসমিয়া দলের এক যুবকের বিদ্বেষমূলক মন্তব্য এবং ব্রহ্মপুত্র উপত্যকার কয়েকটি সংবাদমাধ্যমের ধারাবাহিক প্রচার দুই উপত্যকার মধ্যে সম্প্রীতি গড়ে তোলার উদ্যোগকে অনেকটাই পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রদীপ দত্তরায়ের অভিযোগ, ঘটনার পর নির্দোষ বাঙালি যুবকদের বিরুদ্ধে যথেচ্ছ পুলিশি নির্যাতন, মিথ্যা অভিযোগে আটক এবং মামলা দায়েরের মতো পদক্ষেপ অত্যন্ত অনৈতিক ও পক্ষপাতদুষ্ট। তাঁর বক্তব্য, শ্রীভূমির পুলিশ সুপার প্রকাশ্যে ঘটনাটিকে মদ্যপ অবস্থায় সংঘটিত একটি সাধারণ মারামারি বলে উল্লেখ করেছেন এবং একে সাম্প্রদায়িক বিদ্বেষের ঘটনা বলে স্বীকার করেননি। অথচ একই জেলার পুলিশ ধৃতদের বিরুদ্ধে পরিকল্পিত সাম্প্রদায়িক বিদ্বেষের অভিযোগে মামলা দায়ের করেছে। পুলিশের এই পরস্পরবিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিডিএফের মুখ্য আহ্বায়ক আরও বলেন, সংশ্লিষ্ট ওসিকে বদলি বা ক্লোজ করার নির্দেশ দিলেই নিরপেক্ষ বিচার নিশ্চিত হয় না। প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য বিচার বিভাগীয় তদন্ত জরুরি। পাশাপাশি নির্দোষ যুবক ও বয়স্ক নাগরিকদের উপর নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পুলিশকর্মীদের তদন্ত চলাকালীন নিলম্বিত করার দাবিও জানান তিনি। তাঁর মতে, প্রাণধন হাজরিকা নামে যে যুবককে জিজ্ঞাসাবাদের পর ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁকেও আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত ঘটনা সামনে আসতে পারত।

সাংবাদিক সম্মেলনে বিডিএফের মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, বর্তমান পরিস্থিতিতে বরাকবাসীর মধ্যে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে। তাঁদের কাছে বিভিন্ন মহল থেকে ফের পৃথকীকরণের দাবিতে সরব হওয়ার আহ্বান আসছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিন বিডিএফ সদস্যরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে ঘটনার নিরপেক্ষ তদন্ত, উভয় পক্ষের দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা এবং পুলিশি নির্যাতনের অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। পাশাপাশি বদরপুরের এক কলেজ শিক্ষিকা ও হাইলাকান্দির এক চিকিৎসকের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ এবং তথ্য যাচাই না করে বরাকবাসীর বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগে গুয়াহাটির কয়েকটি সংবাদমাধ্যমকে নোটিশ পাঠানোরও আবেদন জানান তাঁরা।

বিডিএফের বক্তব্য, দুই উপত্যকার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি। তবে সাম্প্রতিক ঘটনায় প্রশাসন সেই নিরপেক্ষতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ সংগঠনটির। শেষ পর্যন্ত সুবিচারের আশায় বরাকবাসী অপেক্ষা করছেন বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *