গাজায় ইজরায়েলি হামলায় বাবা-ছেলেসহ নিহত ৮ ফিলিস্তিনি

Spread the news

১১ নভেম্বর : গাজা উপত্যকায় ইজরায়েলি বাহিনীর বিমান হামলা ও গুলিবর্ষণে এক বাবা ও তাঁর ১৩ বছর বয়সী ছেলেসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) গাজা সিটির দারাজ, জেইতুন ও সাবরা এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনূস শহরে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজা সিটির দারাজ এলাকায় ঘুবাইন পরিবারের একটি বাড়িতে ইজরায়েলি বিমান হামলায় তিনজনের মৃত্যু হয়। একই শহরের জেইতুন এলাকায় একটি তাঁবু লক্ষ্য করে চালানো পৃথক বিমান হামলায় প্রাণ হারান এক বাবা ও তাঁর ১৩ বছর বয়সী ছেলে। এছাড়া সাবরা ও খান ইউনূস এলাকাতেও হামলা ও গুলিবর্ষণে প্রাণহানির ঘটনা ঘটেছে।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও গাজায় ইজরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইজরায়েলি হামলায় ১ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইজরায়েলি সামরিক অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

অন্যদিকে, সপ্তাহান্তে মৌসুমের প্রথম শক্তিশালী ঝড়ে গাজায় মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রায় ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে যায়। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০ লক্ষ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

সরকারি মিডিয়া অফিসের অভিযোগ, গাজায় ৬০ হাজার মোবাইল হোম ও দুই লক্ষ তাঁবু প্রবেশে বাধা দিচ্ছে ইজরায়েল। তাদের দাবি, এখন পর্যন্ত মাত্র ২০ হাজার তাঁবু প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। দীর্ঘ যুদ্ধের জেরে গাজার প্রায় ৮৫ শতাংশ বাড়িঘর ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জরুরি মানবিক সহায়তা প্রবেশেও বিধিনিষেধ আরোপের অভিযোগ উঠেছে।

এদিকে, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে চলমান আলোচনায় এখনও কোনও সমঝোতা হয়নি। বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইজরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকাগুলি থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *