ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, নিখোঁজ হাজারো মানুষ

Spread the news

৬ জুলাই : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের ভয়াবহতা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। সর্বশেষ সরকারি তথ্যে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪২ জনে। আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন। এছাড়া এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রোববার ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় সর্বশেষ হতাহত ও ক্ষয়ক্ষতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

সরকারি তথ্যানুযায়ী, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির লা গুয়াইরা অঞ্চল। দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি স্থাপনা সম্পূর্ণ ধসে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এ পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের ত্রাণ ও সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনও ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *