
২০ নভেম্বর : রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মায়ান্মারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির মতে, মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতন-নিপীড়নের বহুল প্রতীক্ষিত স্বীকৃতি এই রায়।

গতকাল নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজে রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে এইচআরডব্লিউর জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, এই রায় বিশ্বজুড়ে গণহত্যা ও গুরুতর অপরাধের শিকার মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি মায়ান্মারকে দ্রুত আদালতের রায় মেনে নিয়ে রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়ন বন্ধ করার আহ্বান জানান। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করার দাবি জানান।

আইসিজের ১৫ সদস্যের বিচারক প্যানেল গাম্বিয়ার দায়ের করা মামলায় তিনটি অভিযোগের ভিত্তিতে রায় দেয়। এর মধ্যে ৯-৬ ভোটে মায়ান্মারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। একই ভোটে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগেও মিয়ানমারকে দায়ী করা হয়েছে। তবে প্রকাশ্যে গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে ১৪ জন বিচারক মিয়ানমারের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাননি। একজন বিচারক এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে মায়ান্মার সেনাবাহিনীর অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে।



