প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ গেল ১০ জনের

Spread the news

৬ জুলাই : প্রবল বর্ষণে কার্যত অচল হয়ে পড়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বই। গত কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিভিন্ন বৃষ্টিজনিত দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতির কারণে থানে, পালঘর ও রায়গড় জেলায় জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে পুনে-মুম্বই এক্সপ্রেসওয়ে এবং পুরোনো জাতীয় সড়ক।

গত ২৪ ঘণ্টায় মুম্বই ও আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়া এবং অতি ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও বাড়ি ধসে পড়েছে, আবার কোথাও উপড়ে গেছে বিশাল গাছ। মুম্বইয়ের কুরলা এলাকায় রাস্তার ধারের একটি দোকানের ওপর গাছ ভেঙে পড়লে ইউনূস কুন্দ্রাওয়ালা (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হন। তাঁর পরিবারের জন্য ৫ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা।

এদিকে, সাকি নাকা এলাকায় একটি খোলা ম্যানহোলে পড়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এখনও তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।

অন্যদিকে, নবি মুম্বইয়ের খারঘরের পাণ্ডবকাড়া জলপ্রপাতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নামায় প্রবল স্রোতে ভেসে দুই যুবকের মৃত্যু হয়েছে।
মীরা রোড-ভায়ান্দর এলাকায় মোটরসাইকেল আরোহী যতীন বুন্দি (৩৬) নারকেল গাছ ভেঙে পড়ায় প্রাণ হারান। এছাড়া লোহাগড় দুর্গের কাছে পাটন গ্রামে ভূমিধসের ঘটনায় একটি পরিবার আটকা পড়েছে। সেখানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *