অগ্নিগর্ভ বাংলাদেশ! ১২ দিনে জ্বলল ৭৪টি গাড়ি ও ৩ থানা, হামলা

Spread the news

২০ নভেম্বর : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তা ঘিরে ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি। দেশের একাধিক প্রান্তে ছড়িয়ে পড়েছে ব্যাপক হিংসা, নাশকতা ও অগ্নিসংযোগ। একদিকে যেমন সরকারি সম্পত্তি, থানা এবং যানবাহনে আগুন লাগানো হচ্ছে, তেমনই পালটা হামলার শিকার হচ্ছেন ‘নিষিদ্ধ’ আওয়ামি লিগের নেতা-কর্মীরাও। গত ১২ দিনে দেশজুড়ে অন্তত ৭৪টি বাস ও অন্যান্য যানবাহন এবং তিনটি থানায় আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি, আওয়ামি লিগের ১৫ জন নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নাশকতা ও ভাঙচুরের আতঙ্কে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী চার জেলার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

হিংসার এই আবহে উলটো ছবিও সামনে এসেছে। পটুয়াখালি, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম এবং ফেনিতে আওয়ামি লিগের অন্তত ১৫ জন নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত শহর ও সংলগ্ন এলাকায় আওয়ামি লিগ ও তার সহযোগী সংগঠনের ন’জন নেতার বাড়িতে হামলা ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। আগুন লাগানো হয়েছে পটুয়াখালি জেলা সভাপতি কাজি আলমগিরের বাড়িতে। সদর থানা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরীর বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁর বাড়ি সংলগ্ন একটি হোটেলও বন্ধ করে দেওয়া হয়।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে বুধবার রাতে প্রাক্তন মেয়র ও আওয়ামি লিগ নেতা আবদুস ছাত্তার এবং উপজেলা কমিটির সদস্য সামি উসমান গণির দুটি মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম নগর শাখার সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। যদিও এই হামলাগুলির নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও স্পষ্ট কিছু জানাতে পারেনি।

যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের আতঙ্কে বৃহস্পতিবার দিনভর পদ্মা সেতু (Padma Bridge) হয়ে চারটি জেলার সঙ্গে ঢাকার বাস যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রাখা হয়। খুলনা থেকেও ঢাকাগামী কোনো বাস চালাননি মালিকেরা; বন্ধ ছিল অধিকাংশ বাস কাউন্টার। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ যাত্রীরা। বহু মানুষকে বৃষ্টিতে ভিজে বিকল্প পথে গন্তব্যে পৌঁছতে দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *