লায়লাপুরে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার, আটক ট্রাকচালক

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ জুন : কাছাড় পুলিশ ও আবগারি বিভাগের যৌথ অভিযানে অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুর এলাকায় বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার হয়েছে। এ ঘটনায় একটি ছয় চাকার ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে এবং ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্ত এবং আবগারি বিভাগের ইনচার্জ মনোজ গুপ্তার নেতৃত্বে পরিচালিত চেকিং অভিযানে AS 01 TC 6243 নম্বরের একটি ছয় চাকার ট্রাক আটক করা হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মুদি সামগ্রীর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের বোতলগুলিতে ‘For Sale in Meghalaya Only’ লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে প্রায় ২৩২ কার্টন অবৈধ মদ ও বিয়ার উদ্ধার হয়েছে, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি গুয়াহাটির খানাপাড়া এলাকা থেকে পণ্য বোঝাই করে মিজোরামের দিকে যাচ্ছিল। উদ্ধার হওয়া মদ পাচারের উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল বলে সন্দেহ তদন্তকারীদের।

ঘটনায় গোয়ালপাড়ার বাসিন্দা ট্রাকচালক বিশ্বা শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। কাছাড় পুলিশ ও আবগারি বিভাগের এই যৌথ অভিযানকে সীমান্ত এলাকায় অবৈধ মদ পাচার রোধে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *