বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির ৫০ বছর পূর্তি উপলক্ষে গ্রাম ও শহরের প্রতিভাবান শিল্পীদের উৎসাহিত করতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১ নভেম্বর, রবিবার, সোনাই শহর সমিতির ব্যবস্থাপনায় সোনাই ক্লাবে অনুষ্ঠিত হবে সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা।
রবিবার সকাল ১০টা থেকে শুরু হবে প্রতিযোগিতা। এতে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, রবীন্দ্রনৃত্য, নজরুলনৃত্য ও লোকনৃত্য বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার জন্য তিনটি বিভাগ রাখা হয়েছে। ১১ বছর পর্যন্ত বয়সিদের জন্য ‘ক’ বিভাগ, ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য ‘খ’ বিভাগ এবং ১৮ বছরের ঊর্ধ্বে সকলের জন্য উন্মুক্ত বিভাগ থাকবে।
প্রতিটি বিভাগে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের ৫০ টাকা ফি দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সোনাই শহর সমিতির সাংস্কৃতিক সম্পাদক এনামুল ইসলাম লস্কর আগ্রহী শিল্পীদের নির্ধারিত সময়ের মধ্যে নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দমতো সঙ্গীত বা নৃত্য পরিবেশন করতে পারবেন। তবে প্রতিটি পরিবেশনার সময়সীমা থাকবে সর্বোচ্চ তিন মিনিট। প্রতিযোগিতার বিচারক হিসেবে শিলচর থেকে প্রতিনিধিদের পাঠাবে সম্মেলনের কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি, কেন্দ্রীয় কমিটির পদাধিকারীরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। সেখানে বিভিন্ন সমষ্টি পর্যায়ের প্রতিযোগীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। অন্যদিকে, সমষ্টি পর্যায়ে স্থান অর্জন করতে না পারা প্রতিযোগীদেরও নিরুৎসাহিত না করে সোনাই শহর সমিতির পক্ষ থেকে প্রশংসাপত্র ও পুরস্কার দিয়ে উৎসাহিত করা হবে।
সোনাই শহর সমিতির সভাপতি বদর উদ্দিন মজুমদার ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম লস্কর জানান, সম্মেলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো স্থানীয় শিল্পীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।


