স্থানীয় বিধায়ককে না জানিয়ে কর্মসূচিতে যোগ দিতে পারবেন না মন্ত্রীরা, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : স্থানীয় বিধায়ককে আগাম না জানিয়ে কোনও বিধানসভা কেন্দ্রে গিয়ে সরকারি বা জনসাধারণের কর্মসূচিতে অংশ নিতে পারবেন না অসমের মন্ত্রীরা। রাজ্যের সমস্ত মন্ত্রীকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। নির্দেশ অনুযায়ী, কোনও বিধানসভা কেন্দ্রে যাওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার বিধায়ককে বিষয়টি জানানো বাধ্যতামূলক।

মুখ্যমন্ত্রীর এই নির্দেশ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, গত প্রায় তিন মাস ধরে অসমের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গিয়ে মন্ত্রীরা নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট এলাকার বিধায়করা মন্ত্রীদের সফর সম্পর্কে আগাম কোনও তথ্য পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

বিরোধী দল কংগ্রেস, এআইইউডিএফ ও রাইজর দলের বিধায়কদের পাশাপাশি শাসকদলের একাংশের বিধায়করাও একই অভিযোগ তুলেছেন। এমনকি, কয়েকটি ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরাও স্থানীয় বিধায়কদের মন্ত্রীদের সফর সম্পর্কে অবহিত করছেন না বলে অভিযোগ রয়েছে।

বিরোধী ও শাসকদল—উভয় পক্ষের বিধায়কদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়ার পরই মুখ্যমন্ত্রী এই নির্দেশ জারি করেছেন বলে সূত্রের খবর। নির্দেশে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় সরকারি কিংবা জনসাধারণের অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধায়কদেরও আমন্ত্রণ জানাতে হবে, যাতে তাঁরা কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন।

তবে কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত নির্দিষ্ট কিছু বিভাগীয় বৈঠকে স্থানীয় বিধায়কের উপস্থিতি বাধ্যতামূলক নয়। সেই ক্ষেত্রে বিধায়ককে আমন্ত্রণ না জানিয়েও মন্ত্রীরা বৈঠকে অংশ নিতে পারবেন।

জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং সরকারের কাজকর্মে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *