বরাক তরঙ্গ, ১৫ জুন : ঘুষ গ্রহণের সময় সিবিআইয়ের হাতে হাতেনাতে ধরা পড়লেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের (এনএফ রেলওয়ে) এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। অভিযুক্ত কুন্তল চৌধুরীকে শনিবার শিলচরে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এক ঠিকাদারের প্রায় ২০ লক্ষ টাকার বকেয়া বিল অনুমোদনের বিনিময়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন কুন্তল চৌধুরী। অভিযোগ, গত ১২ জুন ওই ঠিকাদার বিল দ্রুত ছাড়ের অনুরোধ জানালে অভিযুক্ত আধিকারিক মোট বিলের এক শতাংশ অর্থ অবৈধ পারিশ্রমিক হিসেবে দাবি করেন। ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে ১৩ জুন কুন্তল চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। এরপর পরিকল্পিত ফাঁদ পেতে শনিবার ঘুষ গ্রহণের সময় অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সিবিআই জানিয়েছে, ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময়ই তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর রবিবার অভিযুক্তকে গুয়াহাটির সংশ্লিষ্ট আদালতে পেশ করা হয়েছে। একই সঙ্গে তার বাসভবনেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, রেলের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ নতুন নয়। শিলচর-লামডিং ব্রডগেজ প্রকল্প এবং শিলচর-ইম্ফল রেললাইন নির্মাণে অতীতেও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছিল। এর আগে ২০২৩ সালে শিলচর-ইম্ফল রেল প্রকল্পে অনিয়মের অভিযোগে রেলের নির্মাণ শাখার এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছিল সিবিআই।



