শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : কাটিগড়ায় চলন্ত ই-অটো ট্রাক থেকে ড্রাম পড়ে গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার সংঘটিত এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, একটি ই-অটো ট্রাকে প্রায় ১০টি ড্রাম নিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ড্রাম গাড়ির উপর থেকে খসে পড়ে। সেই ড্রামের আঘাতে আব্দুল কুদ্দুস নামের এক পথচারী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তাঁকে দ্রুত কাটিগড়া এমজি মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে আহতের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ই-অটো ট্রাকটি আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে দুর্ঘটনার কারণ এবং ই-অটো ট্রাকে ড্রাম পরিবহনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।



