নুরুল হক, রাতাবাড়ি।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর: রাতাবাড়ির কাজিরবাজারে প্রয়াত নেতা সিদ্দেক আহমেদের স্মরণে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাতাবাড়ির বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। হিফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি আব্দুল বাসিত আলকাসিমি। তিনি সিদ্দেক আহমেদের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের নানা দিক তুলে ধরে বলেন, মানুষের প্রতি দায়িত্ববোধ, আল্লাহর ইবাদত এবং সমাজের কল্যাণে কাজ করে গেলে মানুষ মৃত্যুর পরও তাকে স্মরণ করে। তিনি সিদ্দেক আহমেদকে একজন আপসহীন নেতা হিসেবে উল্লেখ করে তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতিচারণ করেন। তাঁর কথায়, যে জাতি নিজেদের নেতাদের মূল্যায়ন করে না, তারা যোগ্য নেতৃত্ব থেকেও বঞ্চিত হয়। সিদ্দেক আহমেদের সঙ্গে উলামায়ে কেরামের সুসম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।
প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেলাল আহমেদ খান সিদ্দেক আহমেদকে নির্ভীক ও জনদরদী নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সিদ্দেক আহমেদ কখনও পদ-পদবির জন্য রাজনীতি করেননি। ১৯৯২ থেকে ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন তিনি।
আবুল হোসেন (এনাম উদ্দিন) বলেন, সিদ্দেক আহমেদের মৃত্যুতে সমাজ একজন সংখ্যালঘু দরদী নেতাকে হারিয়েছে। নেকিব আহমদ নান্নু আবেগঘন বক্তব্যে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন। রাতাবাড়ি জিপির প্রাক্তন সভাপতি নুরুল ইসলাম সিদ্দেক আহমেদের রাজনৈতিক জীবনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। পলডহর জিপির প্রাক্তন সভাপতি আব্দুল মান্নান বলেন, তাঁকে হালচাষের কাজ থেকে তুলে এনে নেতৃত্বের পথে এগিয়ে দিয়েছিলেন সিদ্দেক আহমেদ।
এছাড়াও আব্দুল মুনিম, মাস্টার কামাল হোসেন, মাস্টার আব্দুল হাসিব, নুরুল হক, মাস্টার ফয়েজ আহমদ, সাফুর আহমদ ও কমরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সিদ্দেক আহমেদের রাজনৈতিক জীবন, সাহসী ভূমিকা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।



