মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : কানাইবাজারের আছিমগঞ্জ গেট এলাকায় জাতীয় সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। গর্ত এড়িয়ে চলতে গিয়ে যানবাহনের গতি কমে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। একই সঙ্গে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের এই অংশের স্থায়ী সংস্কার হয়নি। বৃষ্টির সময় গর্তে পানি জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে মোটরসাইকেল, অটো ও অন্যান্য ছোট যানবাহনের চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। গর্তের কারণে গাড়ির টায়ার, সাসপেনশনসহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের আরও বক্তব্য, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করছে। এমনকি NHIDCL-এর গাড়িও নিয়মিত এই পথে যাতায়াত করলেও রাস্তার সংস্কারে দৃশ্যমান উদ্যোগ না থাকায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে।
এলাকাবাসীর দাবি, বড় কোনও দুর্ঘটনা ঘটার আগে সড়কটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত গর্তগুলি মেরামত এবং ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সংস্কার করা হোক। আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে সড়কটি চলাচলের উপযোগী করে তুলতে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়নমন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং পাথারকান্দি কো-ডিস্ট্রিক্ট কমিশনার ও শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।



