নলুয়া মেধাবিলে ঐতিহ্যবাহী নৌকা দৌড়, বৈঠার তালে মুখরিত শ্রীভূমি

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ জুন : বর্ষার আবহে বৈঠার ছন্দে ফিরে এল বাংলার প্রাচীন লোকঐতিহ্য। শ্রীভূমি জেলার নলুয়া মেধাবিলে রবিবার অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগিতা ঘিরে উৎসবের আবহে মেতে ওঠেন হাজার হাজার মানুষ। মেঘলা আকাশ ও ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করে বিশাল বিলজুড়ে জমে ওঠে প্রতিযোগিতা, যা গ্রামীণ সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। সকাল থেকেই নলুয়া মেধাবিল এলাকায় ছিল উৎসবের আমেজ। দূর-দূরান্তের গ্রাম ও শহর থেকে দর্শনার্থীরা ভিড় জমান নৌকা দৌড় উপভোগ করতে। বিলের চারপাশে অবস্থান নিয়ে তারা উপভোগ করেন বৈঠার তালে তালে ছুটে চলা নৌকার রোমাঞ্চকর লড়াই। মাঝিদের সমবেত স্লোগান, পানির বুকে বৈঠার ছন্দময় শব্দ এবং দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এবারের প্রতিযোগিতায় বড় ও ছোট—দুই বিভাগে মোট পাঁচটি নৌকা অংশগ্রহণ করে। বড় নৌকার বিভাগে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত অসাধারণ সমন্বয় ও দক্ষতার পরিচয় দিয়ে নলুয়া কামারগ্রামের নৌকা প্রথম স্থান অধিকার করে। শিলচর থেকে অংশগ্রহণকারী নৌকাটি দ্বিতীয় স্থান লাভ করে। ছোট নৌকার বিভাগেও প্রতিযোগীদের প্রাণপণ প্রচেষ্টা দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ী ও রানার-আপ দলের মাঝি এবং নৌকার মালিকদের হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, নলুয়া মেধাবিলের নৌকা দৌড় বহু বছরের ঐতিহ্য বহন করে আসছে। গ্রামীণ সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি এবং বাংলার সমৃদ্ধ লোকঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিবছর এই আয়োজন করা হয়। তাঁদের মতে, আধুনিকতার যুগেও এমন উদ্যোগ বাংলার শিকড় ও সংস্কৃতিকে জীবন্ত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *