বরাক তরঙ্গ, ২১ জুন : কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির যুগে দেশকে নিরাপদ ও প্রস্তুত রাখতে সামরিক ও কৌশলগত প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে গড়ে তোলা অত্যন্ত জরুরি।
শিলংয়ের ইস্টার্ন এয়ার কমান্ড সদর দফতরে সেনা সদস্যদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন হামলা, ভুয়ো তথ্য প্রচার, সাইবার আক্রমণ, রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ড্রোন প্রযুক্তি যুদ্ধের চরিত্রকে আমূল বদলে দিয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এসব প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে যুদ্ধের ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে অতীতের মতো শুধু প্রচলিত সামরিক প্রস্তুতি এখন আর যথেষ্ট নয়। নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিগতভাবে আরও দক্ষ ও আধুনিক হতে হবে।
রাজনাথ সিং আত্মনির্ভর ভারতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে এমন একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে হবে, যা প্রতিরক্ষা ক্ষেত্রে অন্য দেশের উপর নির্ভরশীল থাকবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আত্মনির্ভর ভারত গড়ার প্রচেষ্টার ফলেই ‘অপারেশন সিঁদুর’ দেশের সামরিক ইতিহাসে একটি স্মরণীয় সাফল্য হিসেবে স্থান করে নিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত তার শত্রু ও তাদের মদতদাতাদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে যে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনও আপস করা হবে না। আমাদের সশস্ত্র বাহিনীর সাহস, সতর্কতা এবং পেশাদারিত্ব গোটা বিশ্বের সামনে ভারতের ক্রমবর্ধমান শক্তির পরিচয় তুলে ধরেছে।”
তিনি আরও উল্লেখ করেন, দেশের কৌশলগত লক্ষ্য পূরণে ইস্টার্ন এয়ার কমান্ডের মতো সামরিক ইউনিটগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।



