বরাক তরঙ্গ, ১৩ মে : মণিপুরের কাংপোকপি জেলায় মঙ্গলবার সন্দেহভাজন জঙ্গিদের হামলায় থাডৌ ব্যাপ্টিস্ট অ্যাসোসিয়েশন (টিবিএ)-এর সদস্যদের বহনকারী দুটি গাড়িতে অতর্কিত গুলি চালানোর ঘটনায় অন্তত তিনজন গির্জার প্রবীণ নেতা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জীবনরেখা জাতীয় সড়ক-২ (এনএইচ-২)-এ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেওয়া হয়েছে।
নিহতদের পরিচয় জানা গেছে— প্রাক্তন মণিপুর ব্যাপ্টিস্ট কনভেনশনের (এমবিসি) সাধারণ সম্পাদক রেভারেন্ড ভি. সিটলহৌ, রেভারেন্ড ভি. কাইগৌলুন এবং পাস্টর পাওগৌলেন।
সূত্রের খবর, নিহতরা চুরাচাঁদপুর জেলার লামকায় অনুষ্ঠিত টিবিএ সম্মেলনে যোগ দিয়ে কাংপোকপিতে ফিরছিলেন। সেই সময় কোটজিম ও কোটলেন এলাকার মাঝামাঝি স্থানে অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা তাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়।
এই হামলায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে রয়েছেন রেভারেন্ড এসএম হাওপু, রেভারেন্ড হেকাই সিমটে, রেভারেন্ড পাওথাং এবং দুই চালক লেলেন ও গৌমাং।
ঘটনার জেরে কুকি-জো অধ্যুষিত এলাকাগুলিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। চুরাচাঁদপুর জেলা কুকি স্টুডেন্টস’ অর্গানাইজেশন (কেএসও) মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে জরুরি ভিত্তিতে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দেয়।
প্রতিবাদকারীরা এনএইচ-২ অবরোধও শুরু করে, যার ফলে মণিপুরকে নাগাল্যান্ড ও দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।



