বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মাকে ফেসবুক লাইভের মাধ্যমে হত্যার হুমকি ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করে ভুরাগাঁও পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মরিগাঁও জেলার ভুরাগাঁওয়ের আব্দুল মোতালেব নামে এক যুবক ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে একটি ফোন নম্বর শেয়ার করেছিল। টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে লড়ে চড়ে বসেন পুলিশ প্রশাসন। এর পরই হুমকিদাতা আব্দুল মোতালেবকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া আব্দুল মোতালেবকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরও তিনজনকে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন—বরালিমারির রশিদুল ইসলাম, আবু তালেব ও আব্দুল খালেক। উল্লেখ্য, ধৃত সকলেই একই পরিবারের সদস্য। এদিকে, ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহে মরিগাঁও জেলা পুলিশ সুপার নিশান্ত সৌরভ, অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার কঙ্কনজ্যোতি নাথ এবং লাহরিঘাট সমজেলা পুলিশসুপার অমরজ্যোতি শইকিয়ার নেতৃত্বে গঠিত পুলিশের একটি বিশেষ দল ঘটনা সংক্রান্ত বিস্তৃত অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মূল ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করার দিকে তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে। তবে তদন্তের গোপনীয়তা ও নিরাপত্তার কারণে পুলিশ এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করতে বিরত রয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে অঞ্চলজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।



