হাইলাকান্দিতে পালিত স্বাধীনতা দিবস, জেলার উন্নয়নে জনতার সহযোগিতা চাইলেন জেলা আয়ুক্ত

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : দেশাত্মবোধ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাইলাকান্দিতে সাড়ম্বরে পালিত হলো ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। শনিবার ডিএসএ মাঠে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্য অতিথি তথা জেলা আয়ুক্ত জয় বিকাশ। পতাকা উত্তোলনের আগে ‘বন্দেমাতরম’ এবং পরে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। ডিএসপি যুবরাজ গগৈয়ের নেতৃত্বে মোট ১৮টি দল কুচকাওয়াজে অংশ নেয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত জয় বিকাশ স্বাধীনতা সংগ্রামীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতা শুধু অধিকার নয়, এর সঙ্গে দায়িত্বও জড়িয়ে রয়েছে। সংবিধানের মর্যাদা, জাতীয় ঐক্য, আইনের শাসন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক নাগরিকের কর্তব্য। হাইলাকান্দির সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতারও আহ্বান জানান তিনি।

শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ জীবিকা ও দক্ষতা উন্নয়নের মতো ক্ষেত্রে জেলার অগ্রগতির কথা তুলে ধরে পরিবেশ রক্ষার ওপরও গুরুত্ব দেন জেলা আয়ুক্ত। বৃক্ষরোপণ, জল সংরক্ষণ এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে যুবসমাজকে দেশ ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার বিখ্যাত বাণী—‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ স্মরণ করেন তিনি।

এবারের কুচকাওয়াজে জেলা এক্সিকিউটিভ ফোর্সের মহিলা পুলিশ দল প্রথম, ২১ সিডিও দামছড়া দ্বিতীয় এবং আসাম হোমগার্ড তৃতীয় স্থান অর্জন করে। নন-প্যারেড বিভাগে এসএস কলেজ এনসিসি প্রথম, ইন্দ্রকুমারী গার্লস হাইস্কুল দ্বিতীয় এবং গ্লোবাল পাবলিক সেন্ট্রাল স্কুল তৃতীয় হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্টেপ আপ ডান্স একাডেমি প্রথম, সুদর্শন মিউজিক অ্যাকাডেমি দ্বিতীয় এবং লক্ষ্মী ডান্স অ্যাকাডেমি তৃতীয় স্থান লাভ করে।
এছাড়াও রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ড. মিলন দাস, বরিষ্ঠ পুলিশ অধীক্ষক অমিতাভ সিনহা, জেলা পরিষদের কার্যবাহী আধিকারিক রুথ লিয়ান থাং, জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে, অতিরিক্ত জেলা আয়ুক্ত মনসুর আহমেদ, অন্তরা সেন, মিনর্ভা দেবী ও ভেনলাল নামপুই-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জেলা আয়ুক্ত জয় বিকাশসহ বিশিষ্ট অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *