বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : শহিদ চণ্ডীচরণ রোড–হাসপাতাল রোড এলাকার রাঙ্গিরখাড়ি সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে রবিবার যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় রীতিনীতি মেনে দুর্গাপূজার খুঁটিপূজা সম্পন্ন হয়। খুঁটিপূজাকে কেন্দ্র করে পূজা কমিটির সদস্য, যুবক-যুবতী ও কচিকাঁচাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পূজা কমিটি জানায়, এ বছর রাঙ্গিরখাড়ি সর্বজনীন দুর্গাপূজার বিশেষ আকর্ষণ হতে চলেছে ‘দৈনন্দিন জীবন ও সংসারে পিতার ভূমিকা’ বিষয়ক থিম। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমায় দেবাদিদেব মহাদেবের ভূমিকার বিশেষ উপস্থাপনা থাকবে। পাশাপাশি বিশেষ কারুকার্য ও পরিবেশবান্ধব উপকরণে নির্মিত হবে পূজামণ্ডপ। দর্শনার্থীদের আকৃষ্ট করতে থাকছে দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থাও।
খুঁটিপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি প্রশান্ত কুমার পাল, সম্পাদক সজল সূত্রধর, কোষাধ্যক্ষ প্রীতম সাহা ছাড়াও বাবুল দেব, সুখেন সরকার, আশিস ভৌমিক, রাজু দে, বাপ্পা দাস, রূপম দেব, অলক মজুমদার, বিবেক পাল ও বাপ্পা শীলসহ কমিটির অন্যান্য সদস্যরা।
কমিটির কর্মকর্তারা জানান, চলতি বছর রাঙ্গিরখাড়ি সর্বজনীন দুর্গাপূজা কমিটি ৪৭ বছরে পদার্পণ করেছে। আর মাত্র তিন বছর পর পূজার স্বর্ণজয়ন্তী পূর্ণ হবে। সেই উপলক্ষে ভবিষ্যতে বিশেষ আয়োজন করার লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি শুরু করা হয়েছে।
এদিন খুঁটিপূজাকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। আগামী দুর্গাপূজায় সর্বস্তরের নাগরিকদের পূজামণ্ডপে এসে প্রতিমা দর্শন এবং মহাপ্রসাদ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।



