বাল্যবিবাহ নির্মূল করতে অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত : মুখ্যমন্ত্রী

Spread the news

বাল্যবিবাহবিরোধী অভিযানে অসমে ৫৬৫ জন গ্রেফতার, নথিভুক্ত ৪৮১টি মামলা, ধুবড়িতে সর্বাধিক

বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : রাজ্যে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক অভিযান এবং কঠোর আইন কার্যকর করার মতো পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও গোপনে বাল্যবিবাহের ঘটনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। রাজ্যজুড়ে বাল্যবিবাহ নির্মূল করতে অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এখনও কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা বাকি রয়েছে। রাজ্য থেকে বাল্যবিবাহের শিকড় উপড়ে ফেলা না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত বাল্যবিবাহের অভিযোগে ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৮১টি মামলা নথিভুক্ত করা হয়েছে। অসম থেকে বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সরকারের এই অভিযান চলবে বলেও তিনি স্পষ্ট করে দেন।

নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ সম্পূর্ণ দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে। রাজ্যের মেয়েদের স্বপ্নকে আর কেউ শৃঙ্খলিত করে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হওয়া বাল্যবিবাহবিরোধী অভিযানে অসমের ধুবড়ি জেলায় সর্বাধিক গ্রেফতারের ঘটনা সামনে এসেছে। জেলার নয়টি থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে বাল্যবিবাহের অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বাল্যবিবাহের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের পাশাপাশি সংশ্লিষ্ট নাবালক-নাবালিকাদের বাবা-মা ও অভিভাবকরাও রয়েছেন বলে জানা গেছে।

রাজ্যে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে প্রশাসনের এই কঠোর পদক্ষেপ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *