থাকছে নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : প্রতি বছরের মতো এবারও আজ সোমবার থেকে শুরু হচ্ছে সোনাই রোড সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গণেশ চতুর্থী মহোৎসব। শনিবার পর্যন্ত চলবে এই উৎসব। এ উপলক্ষে শিলচর লিঙ্ক রোড পয়েন্টে তৈরি করা হয়েছে পূজামণ্ডপ। সোমবার সন্ধ্যা ৭টায় মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারত সেবাশ্রমের মহারাজ।
পূজা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ পাল জানান, উৎসব উপলক্ষে প্রতিদিন দুপুর ১২টায় গণেশ দেবের অঞ্জলি প্রদান করা হবে। পাশাপাশি প্রতিদিনই থাকছে নৃত্য প্রতিযোগিতার আয়োজন। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হবে। আরতির পর থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিনব্যাপী এই মহোৎসবকে ঘিরে এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে উৎসবকে সর্বজনীন রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের গণেশ চতুর্থী মহোৎসবের কার্যকরী কমিটিতে রয়েছেন উপদেষ্টা শ্যামল বণিক, সভাপতি মোহন দেব। উপ-সভাপতি পান্না ভৌমিক, বিল্টু পাল ও বাচ্চু পাল। সাধারণ সম্পাদক দিলীপ পাল। সহ-সম্পাদক পিকু রায়, যিশু দে ও সুমন দত্ত। কোষাধ্যক্ষ সুমন দে এবং সহ-কোষাধ্যক্ষ কুটন মালাকার। কমিটির সদস্যরা হলেন উজ্জ্বল দে, সুজিত বৈদ্য, বিকাশ দাস, আবন পাল, রানা দত্ত, অজয় দে, দীপক দত্ত, রত্নদীপ ভৌমিক, প্রমোদ সাহু ও রাজর্ষি নাথ।



