বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : হাইলাকান্দি রেলস্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় এক তরুণ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভৈরবী থেকে শিলচরগামী যাত্রীবাহী ট্রেনটি হাইলাকান্দি স্টেশনে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ছাত্রের নাম সাহিদ আলম মজুমদার (১৯)। তাঁর বাড়ি মনাছড়া এলাকার আয়নাখাল তিমুকা গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনটি হাইলাকান্দি স্টেশনে থামার উপক্রম হলে সাহিদ চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। সেই সময় কোনওভাবে তাঁর পা পিছলে গিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাইলাকান্দি রেলস্টেশনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে জমায়েত হওয়া স্থানীয় মানুষজনের মধ্যে শোকের আবহ তৈরি হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
নিহতের দেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনায় পরিবার-পরিজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক নেমে এসেছে।



