জীবন-জীবিকার অন্যতম ভিত্তি কৃষি আজ গভীর সংকটের মুখে : সুরৎজ্জামান

Spread the news

ধোয়ারবন্দে কৃষক সমাবেশে কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষিনীতি নিয়ে সরব কৃষক নেতারা

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : কেন্দ্রীয় সরকারের একচেটিয়া পুঁজির স্বার্থবাহী কৃষক ও কৃষিনীতি বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ধোয়ারবন্দের রামকৃষ্ণ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হল বরাক উপত্যকাভিত্তিক কৃষক সমাবেশ। অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠনের কাছাড় জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন এলাকার কৃষক ও সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহ-সভাপতি সুরৎজ্জামান মণ্ডল। কৃষক নেতা প্রভাসচন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা সুরৎজ্জামান মণ্ডল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কৃষক ও কৃষিবিরোধী পদক্ষেপের সমালোচনা করেন। তিনি বলেন, ঐতিহাসিক কৃষক আন্দোলনের ফলে তিনটি কৃষি আইন বাতিল হলেও কেন্দ্রীয় সরকার ঘুরপথে সেই আইনগুলির বিভিন্ন ধারা কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জীবন-জীবিকার অন্যতম ভিত্তি কৃষি আজ গভীর সংকটের মুখে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

তাঁর অভিযোগ, দেশি-বিদেশি পুঁজিপতিদের মুনাফার স্বার্থে কৃষকদের জমি কেড়ে নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অসম সরকারও কৃষকদের প্রতি যথাযথ গুরুত্ব দিচ্ছে না বলে দাবি করেন তিনি। এর ফলে রাজ্যে কৃষিনির্ভর জীবিকা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং কৃষিকাজে অনিশ্চয়তার কারণে বহু কৃষক পরিবারের যুবক কর্মসংস্থানের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। যার নেতিবাচক প্রভাব পড়ছে রাজ্যের সামগ্রিক অর্থনীতিতে।

এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি শ্যামদেও কুর্মী এবং কৃষক নেতা রাজেন্দ্র লাল ভর। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক লক্ষীচরণ আকুড়া, বিশিষ্ট সমাজকর্মী মাধব ঘোষ, ভবতোষ চক্রবর্তী, মৃণাল কান্তি সিনহা এবং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক অধ্যাপক ড. অজয় রায়।

উল্লেখ্য, সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষকবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সুরৎজ্জামান মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *