বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : সোনামুড়া-বিলোনিয়া সড়কে বুধবার ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। শোভাপুর গার্লস হাইস্কুলের সামনে সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান এক পরিশ্রমী ই-রিকশা চালক, গুরুতর আহত হন এক মা ও তাঁর ছোট্ট শিশু। একই পরিবারের তিন সদস্যের জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়।
নিহত ব্যক্তি প্রদীপ দাস, প্রতিদিনের মতো জীবিকার সন্ধানে রাস্তায় বেরিয়ে আর বাড়ি ফেরেননি। তাঁর মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে পরিবার-পরিজন। এক নিমেষে হাসিখুশি পরিবার হারিয়েছে তাদের উপার্জনকারী সদস্যকে।
দুর্ঘটনার সময় ই-রিকশায় থাকা সেলিনা আক্তার ও তাঁর চার বছরের পুত্র মোহাম্মদ সামি গুরুতরভাবে আহত হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য আগরতলায় স্থানান্তর করা হয়েছে।
এ সময় মানবিকতার পরিচয় দিয়েছেন স্থানীয় যুবক শাকিল ও মনির। নিজেদের জীবনের ঝুঁকি উপেক্ষা করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন তারা, যা প্রশংসার দাবি রাখে।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।



