ভুবনেশ্বরনগরে সড়ক নির্মাণে অনিয়ম, গ্রামসভা ছাড়াই কাজ শুরু ঘিরে ক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগঠিত ভুবনেশ্বরনগর জিপিতে সড়ক নির্মাণকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ২০২৪-২৫ অর্থবছরের তহবিল থেকে প্রায় ৪ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হলেও শুরু থেকেই উঠছে একাধিক অনিয়মের অভিযোগ।

স্থানীয়দের দাবি, কোনও ধরনের গ্রামসভা আহ্বান না করেই হঠাৎ করে কাজ শুরু করা হয়েছে। প্রকল্পে কোথায় কত টাকা ব্যয় হচ্ছে, তার কোনো স্বচ্ছ হিসেবও দেওয়া হয়নি বলে অভিযোগ। ভুবনেশ্বরনগর পঞ্চায়েত রোড থেকে মন্টু সিনহার বাড়ি পর্যন্ত সিসি ব্লক রাস্তা নির্মাণ এবং এলপি স্কুল সংলগ্ন একটি কালভার্ট নির্মাণের কাজ শুরু হতেই এই বিতর্ক সামনে আসে।

গ্রামবাসীর অভিযোগ, প্রকল্পের পরিকল্পনা, কাজের সময়সূচি কিংবা তত্ত্বাবধান—কোনও বিষয়েই তাদের অবহিত করা হয়নি। এমনকি কার অধীনে কাজ চলছে, সেটিও স্পষ্ট নয়। এই প্রেক্ষিতে বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা এবং গোটা বিষয়টি সরেজমিনে তদন্তের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, জিপি সভানেত্রীর প্রতিনিধি ধরনী সিনহা জানান, বর্তমানে প্রকল্পের প্রথম কিস্তির কাজ চলছে। দ্বিতীয় কিস্তি মঞ্জুর হলে অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে বলে তিনি জানান। তবে স্থানীয়দের মতে, পুরো প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *