বরাক তরঙ্গ, ৮ জুন: উধারবন্দের লাটিগ্রাম এলাকায় অবস্থিত পুরনো হাফলং রোডের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে সেখানে জল জমে থাকায় পুরো সড়কটি যেন ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জনসাধারণের নিরাপত্তাও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
জানা গেছে, প্রায় দুই বছর আগে তৎকালীন বিধায়ক মিহিরকান্তি সোমের আমলে রাস্তাটির নির্মাণকাজ সম্পন্ন হয়। তবে নির্মাণের এক বছরের মধ্যেই সড়কের বিভিন্ন অংশে গর্ত দেখা দিতে শুরু করে। পরবর্তীতে নিয়মিত বৃষ্টিপাতের ফলে পরিস্থিতি আরও অবনতি ঘটে। বর্তমানে সামান্য বৃষ্টিতেই রাস্তার অধিকাংশ অংশ জলমগ্ন হয়ে পড়ে, ফলে চলাচল কার্যত দুরূহ হয়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশে পর্যাপ্ত নিকাশি ব্যবস্থার অভাবই এই সমস্যার অন্যতম প্রধান কারণ। বৃষ্টির জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তা সড়কের উপর জমে থাকে এবং ধীরে ধীরে রাস্তার ক্ষয়ক্ষতি বাড়িয়ে তুলছে। এর ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অভিভাবকদের দাবি, জলভর্তি গর্তের কারণে শিশুদের নিরাপদে বিদ্যালয়ে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরাও প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টি হলেই রাস্তাটি কার্যত অচল হয়ে পড়ে। ছোট-বড় সব ধরনের যানবাহনের চলাচল ব্যাহত হয়। রাতের অন্ধকারে গর্ত বোঝা না যাওয়ায় দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যায়। তাঁরা দ্রুত রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবি জানিয়ে বলেন, শিশুদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।



