দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : ফুটবলের উত্তেজনায় মাততে প্রস্তুত কাবুগঞ্জ। কাবুগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে আগামীকাল, রবিবার ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ৯-এ-সাইড নকআউট ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতাকে ঘিরে কাবুগঞ্জ-সহ পার্শ্ববর্তী এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজঘাট এফসি ও গড়রকান্দি এফসি। খেলা শুরু হবে দুপুর ২টায়।
প্রতিযোগিতা সফল করে তুলতে আয়োজক কমিটির পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, ফুটবলের প্রসার ঘটানো এবং এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ করে দেওয়াই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। উদ্বোধনী ম্যাচে রাজঘাট এফসি ও গড়রকান্দি এফসির লড়াই ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে। প্রথম ম্যাচেই দুই দল নিজেদের সেরাটা উজাড় করে দিতে মাঠে নামবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ধলাই থানার ওসি, নগদীরগ্রাম ও দিদারখুশ জেলা পরিষদ সদস্য শাহিন আহমেদ লস্কর, ধলাই ও নরসিংহপুর জেলা পরিষদ সদস্য পম্পি নাথ, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সম্পাদক, মাতৃভূমি এনজিওর সভাপতি সিতাংশু দাস এবং সোনাই ফুটবল একাডেমির সভাপতি বদর মজুমদার-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের।

নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচই দলগুলির কাছে কার্যত মরণ-বাঁচন লড়াই হয়ে উঠবে। হারলেই বিদায় নিতে হবে প্রতিযোগিতা থেকে। ফলে শুরু থেকেই প্রতিটি দলের কাছে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় দিক হল আকর্ষণীয় পুরস্কারমূল্য। আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৪১ হাজার টাকা ও ট্রফি। অন্যদিকে, রানার্সআপ দলের জন্য থাকছে ২৬ হাজার টাকা ও ট্রফি। বড় অঙ্কের পুরস্কারমূল্যকে কেন্দ্র করে অংশগ্রহণকারী দলগুলির মধ্যেও বাড়তি উদ্দীপনা তৈরি হয়েছে।



