চান্দখিরায় যুবকের বাড়ি থেকে দুই যুবতী উদ্ধার, তিনজনকে পুলিশের হাতে তুলে দিল বজরং দল

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : পাথারকান্দির চান্দখিরায় এক যুবকের বাড়ি থেকে ভিনরাজ্যের দুই যুবতীকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই যুবতীকে উদ্ধার করেন। পরে সংশ্লিষ্ট যুবক-সহ তিনজনকে পাথারকান্দি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মুজ্জাকির শেখ নামে ওই যুবকের সঙ্গে বেঙ্গালুরুতে দুই যুবতীর পরিচয় হয়। অভিযোগকারীদের দাবি, সেখানে তিনি নিজের পরিচয় গোপন করে ‘রাহুল’ নামে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁদের চান্দখিরায় নিজের বাড়িতে নিয়ে আসেন। তাঁদের মধ্যে একজনকে বিয়ে করার পরিকল্পনা ছিল বলেও অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে দুই সংগঠনের সদস্যরা ওই বাড়িতে পৌঁছে যুবতীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার হওয়া দুই যুবতীর একজন ঝাড়খণ্ড এবং অন্যজন অরুণাচল প্রদেশের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে, ঘটনার সঙ্গে ‘লাভ জিহাদ’ কিংবা মানব পাচারের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছে সংগঠনগুলি। তবে এসব অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *