বরাক তরঙ্গ, ৩ জুন : মিজোরামের সাইতুয়েল জেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে সাইতুয়াল জেলা পুলিশের (ডিইএফ) বিশেষ দল। উদ্ধার হওয়া হেরোইনের ওজন ৫৮৭ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ লক্ষ ৪০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জুন সাইতুয়াল ডিইএফ-এর বিশেষ দল কাইফাং এলাকায় নিয়মিত নাকা তল্লাশি চালানোর সময় চুরাচাঁদপুর থেকে আইজলগামী একটি বোলেরো নিও গাড়িকে থামিয়ে তল্লাশি চালায়। গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয় নেংশি হাওকিপ (৫১)-কে। তিনি মণিপুরের চুরাচাঁদপুর জেলার সালবুং এলাকার বাসিন্দা এবং জাংসেম হাওকিপের কন্যা।
এনডিপিএস আইনের ৫০ নম্বর ধারার বিধান মেনে, এসডিপিও-র উপস্থিতি ও অভিযুক্তের সম্মতিতে এক মহিলা কনস্টেবল তার দেহ তল্লাশি চালান। তল্লাশির সময় তার পোশাকের ভেতরে লুকিয়ে রাখা ৫০টি সাবানের বাক্সে ভরা হেরোইন উদ্ধার করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগও তল্লাশি করা হলে আরও মাদকদ্রব্য পাওয়া যায়।
পুলিশ মোট ৫৮৭ গ্রাম হেরোইন উদ্ধার করার পাশাপাশি একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১,১৭,৪০,০০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর অভিযুক্তকে আটক করে সাইতুয়াল থানায় মামলা রুজু করা হয়েছে। মাদক পাচার চক্রের সঙ্গে তার সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।



