বরাক তরঙ্গ, ২৫ জুন : ছোট দুধপাতিলের পিডব্লিউডি-র প্রধান সড়ক থেকে শিবনগর যাওয়ার একমাত্র সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কজুড়ে বড় বড় গর্তের কারণে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে বর্ষাকালে গর্তগুলোতে জল জমে থাকায় পথচারী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং যানবাহন চালকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতে যুবশক্তি ক্লাবের উদ্যোগে ব্যক্তিগত চাঁদা সংগ্রহ করে একাধিকবার সড়কটির সাময়িক সংস্কার করা হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি। কয়েক দিনের মধ্যেই মেরামতের কাজ নষ্ট হয়ে পুনরায় আগের অবস্থায় ফিরে যায়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শিবশক্তি ক্লাবের ব্যবস্থাপনায় তিনটি গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, স্থানীয়ভাবে পুনরায় চাঁদা সংগ্রহ করে সড়কটির অস্থায়ী মেরামতের ব্যবস্থা করা হবে, যাতে অন্তত সাধারণ মানুষের চলাচলের কিছুটা সুবিধা হয়।
ক্লাব সদস্যদের বক্তব্য, সম্প্রতি যুবশক্তি ক্লাবের উদ্যোগে সন্ন্যাসী টিলায় নবনির্বাচিত বড়খলার বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা জানানো হয়। সেই সময় বিধায়ক নিজে রাস্তাটির বেহাল অবস্থা পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দেন। এলাকাবাসীর আশা, তিনি বিষয়টি সরকারি পর্যায়ে উত্থাপন করে স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন।

উল্লেখ্য, সভায় উপস্থিত ছিলেন যুবশক্তি ক্লাবের সভাপতি বিকাশ সরকার, সম্পাদক রানু সরকার, ফনি বিশ্বাস, রতন সরকার, সুজিত নমশূদ্র, রিংকু সরকার, সুভাষ সরকার, অনিল বিশ্বাস, সমীরন নমশূদ্র, চন্দন সরকার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিকাশচন্দ্র দাস, প্রাক্তন জিপি সভাপতি রঞ্জিতকুমার সরকার, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য লালবাঁশি দাস, রঞ্জিত সরকার, প্রণয় সরকারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।



