লখনউ কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহত পড়ুয়াদের স্মরণে শোকসভা

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জুন : লখনউর একটি কোচিং সেন্টারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাত্রছাত্রীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটি। নিহত পড়ুয়াদের স্মরণে বৃহস্পতিবার ধোয়ারবন্দ এলাকায় সংগঠনের উদ্যোগে একটি শোকবেদী স্থাপন করা হয়।

শোকবেদীর সামনে উপস্থিত ছাত্র-ছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসও-র কাছাড় জেলা সম্পাদক স্বপন চৌধুরী লখনউর ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেন। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দেশের বিভিন্ন কোচিং সেন্টার ও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং নিরাপত্তা পরিকাঠামোর অভাবের কারণেই বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

তিনি দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিনের কর্মসূচিতে ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির সদস্যদের পাশাপাশি এলাকার বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। সমবেত পড়ুয়ারা লখনউ দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *