
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : মহানগরীর চাঞ্চল্যকর জীনা বৈশ্য হত্যাকাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। মামলা দায়েরের মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রদীপ টায়ে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কইনাধরা এলাকা থেকে অভিযুক্ত প্রদীপ টায়েকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি দা উদ্ধার করার পাশাপাশি মৃতদেহ ফেলে দেওয়ার কাজে ব্যবহৃত ম্যাজিক গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

উল্লেখ্য, শনিবার ভোরে খানাপাড়ার রাস্তার পাশে হলুদ রঙের ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে মৃত মহিলার পরিচয় জীনা বৈশ্য বলে শনাক্ত করা হয়। জানা গেছে, প্রায় ১২ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। তাঁর কোনও সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বসিষ্ঠ থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছিলেন।



