
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : বরাক উপত্যকার সর্বত্র, বিশেষ করে কাছাড় জেলার গ্রামাঞ্চল ও শিলচর শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল দীপান্বিতা কালীপুজো। রবিবার রাতে দীপাবলি উপলক্ষে শিলচর শহরের প্রতিটি পুজো মণ্ডপে বর্ণাঢ্য সাজসজ্জার পাশাপাশি যথাযথ ধর্মীয় রীতি-নীতি মেনে সম্পন্ন হয় দেবী কালীর আরাধনা।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দীপাবলি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ১৪ বছরের বনবাস শেষে ভগবান রামচন্দ্র অযোধ্যায় প্রত্যাবর্তন করলে তাঁর আগমনকে স্বাগত জানাতে অযোধ্যাবাসী ঘরে ঘরে প্রদীপ প্রজ্বালন করে গোটা নগরী আলোকিত করে তুলেছিলেন। সেই ঐতিহ্যকে কেন্দ্র করেই যুগ যুগ ধরে দীপাবলি উৎসব পালিত হয়ে আসছে। এই দিনে ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালানোর পাশাপাশি আলোকসজ্জার মাধ্যমে উৎসবের আনন্দ ভাগ করে নেন মানুষ।
এদিন দীপান্বিতা কালীপুজো উপলক্ষে শিলচরের স্বর্গদ্বার শ্মশানঘাটসহ শহরের বিভিন্ন পুজো মণ্ডপকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়। সন্ধ্যা থেকে প্রতিটি মণ্ডপে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় দেবী কালীর পূজার্চনা। ভক্তরা শ্রদ্ধা ও ভক্তিভরে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

অন্যদিকে, মহিলাদের উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুজো মণ্ডপগুলি। সব মিলিয়ে গোটা শহরজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর ও ধর্মীয় আবহ। পুজো শেষে বিভিন্ন মণ্ডপের আয়োজকদের পক্ষ থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আলোকসজ্জা, পূজার্চনা ও ভক্তদের ব্যাপক সমাগমে শিলচর শহরজুড়ে দীপান্বিতা কালীপুজো ঘিরে দেখা যায় উৎসবের আনন্দঘন পরিবেশ।



