৯ নভেম্বর : রাজধানীতে দূষণের ছবিটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে! দীপাবলির পরের দিন বিস্ফোরক অভিযোগ আনল আপ। রবিবার অর্থাৎ দীপাবলির রাত থেকেই দিল্লিতে বায়ুদূষণ লাফিয়ে বাড়ে। একিউআই পৌঁছে যায় মারাত্মক পর্যায়ে। পাশাপাশি দেখা গিয়েছে, দূষণ পরিমাপের সরকারি এবং বেসরকারি পরিসংখ্যানে আকাশপাতাল তফাত। সেই বিষয়টিকে হাতিয়ার করেই আপের দাবি, দিল্লির দূষণের মাত্রা ৩ হাজার ছাড়িয়েছে।

রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৫৯টি মনিটরিং স্টেশনের থেকে যে রিপোর্ট সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে, ১২টি স্টেশনে বাতাসের মান ছিল ‘সিভিয়ার’ অর্থাৎ গুরুতর এবং ২২টি স্টেশনে ‘ভেরি পুওর’ বা খুব খারাপ। আপের অভিযোগ, এই স্টেশনগুলি ইচ্ছাকৃতভাবে এমন এলাকায় বসানো হয়েছে যেখানে দূষণের মাত্রা অপেক্ষাকৃত কম। অন্যান্য স্টেশন সংলগ্ন এলাকায় জল ছেটানো হচ্ছে যেন দূষণের মাত্রা কম রেকর্ড হয়। আপ নেতা সৌরভ ভরদ্বাজ একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে নগর চৌখণ্ডী এলাকায় একিউআই পৌঁছে গিয়েছে ৩০৩৬তে!

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, দীপাবলির পরের সকালে দিল্লির একিউআই ৪৮৩। কিন্তু বেসরকারি পরিসংখ্যান বলছে, দূষণের সূচক হাজার পেরিয়েছে দিল্লিতে। যদিও এই নিয়ে দিল্লির সরকার এখনও মুখ খোলেনি। দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের একাধিক এলাকাতেও দূষণের সূচক উর্ধ্বমুখী। মুম্বইয়ের বেশ কিছু জায়গাতেও আড়াইশো পেরিয়েছে দূষণ। দেশের নানা প্রান্তেই দেদার বাজি পুড়েছে রবিবার রাতে। যদিও দিল্লি নিয়ে আপের তোপ উড়িয়ে দিয়েছে বিজেপি। দিল্লির শাসক দল আঙুল তুলেছে গত ২৫ বছরে আপ-কংগ্রেস জমানার দিকে।




