বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : কাজিরবাজার মাছ বাজারে নিষিদ্ধ বা অননুমোদিত মাছ বিক্রির অভিযোগ ঘিরে তৎপর হল বাজার কমিটি। খবর পেয়ে বাজার কমিটির সভাপতি এনাম উদ্দিন আবুলের নেতৃত্বে সদস্যরা মাছ বাজার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিষিদ্ধ বা অননুমোদিত মাছ বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। প্রশাসনের মৎস্য সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি ক্রেতাদের স্বার্থে সন্দেহজনক বা নিষিদ্ধ মাছ বাজারজাত না করার আহ্বান জানায় কমিটি।
বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্ক করার পরও কেউ নিষিদ্ধ মাছ বিক্রি অব্যাহত রাখলে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। কমিটির এই তৎপরতায় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে সাধারণ ক্রেতাদেরও মাছ কেনার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাজার কমিটি।
উল্লেখ্য, অসম সরকারের মৎস্য দপ্তরের ২০২৬ সালের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট প্রজাতির নির্ধারিত আকারের চেয়ে ছোট মাছ ধরা, বিক্রি ও ব্যবহারের ওপর নির্দিষ্ট সময়ে নিষেধাজ্ঞার কথা উল্লেখ রয়েছে।



