বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : মণিপুরের প্রত্যন্ত লংপি গ্রামে গুলিবিদ্ধ এক নারীকে চিকিৎসার জন্য প্রায় ২০ কিলোমিটার দূরের হাসপাতালে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি অস্থায়ী পালকিতে করে নিয়ে যেতে হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ‘পাওয়ার করিডরস’।
জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর গ্রামের তিন বাসিন্দা চাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে বেরিয়েছিলেন। তাঁদের মধ্যে গর্ভবতী জুলি সিংসন ও রোয়েল গাংতে গুলিতে নিহত হন বলে অভিযোগ। একই ঘটনায় নাইএস্থার গাংতে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
প্রত্যন্ত ওই এলাকায় পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামোর অভাব এবং দুর্গম ভূপ্রকৃতির কারণে আহত নাইএস্থারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন স্থানীয়রা। পরে গ্রামবাসীরা বাঁশ ও কাপড়ের সাহায্যে তৈরি অস্থায়ী পালকিতে তাঁকে প্রায় ২০ কিলোমিটার বহন করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর তিনি কোমায় চলে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



